২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে চারজনকে পিটিয়ে হত্যায় ৩ মামলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছিনতাইকারী সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 11:38 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

পুলিশ বলছে, বুধবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া এলাকায় মোকরোমপুর সেতুর কাছে ওই ঘটনায় নিহতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

১০/১২ জনের একটি দল ওই সেতু এলাকায় এক মোটরসাইকেল চালকের পথরোধ করলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে চারজনকে ধরে পিটিয়ে হত্যা করে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার কর্ণখালি মিজাপুর গ্রামের বজলুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (৩০), ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামের বদর আলীর ছেলে আলমগীর হোসেন (৩০), কাইফুল ইসলামের ছেলে সোহেল (৩২) এবং নঈম উদ্দিনের ছেলে আতর আলী (৩২)।

এদের মধ্যে রাব্বানীর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে বলে গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান।

তিনি বলেন, থানার তিন পুলিশ সদস্য রাতেই তিন ধারায় তিনটি মামলা দায়ের করেছেন।

এর মধ্যে এসআই আশরাফ বাদী হয়ে যে হত্যা মামলা করেছেন, তাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

নিহত চার জনসহ অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেছেন থানার এসআই সাইফুল আলম।

আর এএসআই রেজাউল করিমের করা অপর মামলায় ডাকাতির অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, বৃহস্পতিবার লাশ চারটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।