২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই স্কুলছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু, আটক ২

মাদারীপুর সদর উপজেলায় দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে ‍পুলিশ, যাদের অপহরণের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 10:06 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর সদর হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার এসআই বারেক হোসেন।

নিহতরা হলেন- উপজেলার মোস্তফাপুর গ্রামের বিল্লাল শিকদারের মেয়ে সুমাইয়া আক্তার (১৬) ও একই গ্রামের হাবিব খানের মেয়ে হ্যাপি (১৫)। দুজনে মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান এসআই বারেক।

আটককৃতরা হলেন, দক্ষিণ মোস্তফাপুর গ্রামে কামাল শিকদারের ছেলে রকিব ও কুদ্দুস শিকদারের ছেলে শিপন।

সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বলেন, সুমাইয়া ও হ্যাপি স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয়। বিকালে খবর পেয়ে হাসপাতালে এসে তাদের লাশ দেখতে পাই।

“জমি-জমা নিয়ে প্রতিবেশী আলম শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।এর জেরেই আমার মেয়েকে অপহরণ করে নিয়ে নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে।”

এসআই বারেক বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দুই কিশোরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে। এছাড়া তাদের সঙ্গে আসা দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মাদারীপুর কোতোয়ালী থানার ওসি জিয়াউর মোর্শেদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই দুই স্কুলছাত্রীর মৃত্যুর কারণ জানা যাবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।

বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।