২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষ, আহত ১১

মিছিল দুটি কালিগঞ্জ থানার কাছে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও হামলায় লিপ্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 12:30 AM

Updated : 23 Sep 2026, 12:30 AM

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বর ও কালিগঞ্জ থানার আশপাশের এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে থেমে থেমে এই সংঘর্ষ চলে বলে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ঘোষ জানান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ হাসানুর রহমান ও শেখ নাজমুল হোসেনের সমর্থকদের সঙ্গে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও সালাউদ্দিন লিটনের সমর্থকদের মধ্যে এই হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপির স্থানীয় নেতাকর্মী ও পুলিশ জানায়, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বিকালে কুশুলিয়া ইউনিয়ন বিএনপি এবং উপজেলা কৃষকদল পৃথক বিক্ষোভের আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ হাসানুর রহমান ও শেখ নাজমুল হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও সালাউদ্দিন লিটনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে দুটি মিছিল বের হয়।

মিছিল দুটি কালিগঞ্জ থানার কাছে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও হামলায় লিপ্ত হয়।

সংঘর্ষে কৃষকদল সমর্থিত সবুজ ও ছোটন এবং অপর পক্ষের আল ইমরান হোসেন, বিপুল হোসেন ও আজমির হোসেনসহ অন্তত ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক অবস্থায় আল ইমরানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাল্টাপাল্টি হামলার বিষয়ে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাসানুর রহমান অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে কৃষকদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে।

অন্যদিকে কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হাসানুর রহমানের সমর্থকরা আগে আক্রমণ করেছে।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম বলেন, সকালে কৃষকদলের আহ্বায়ক পৃথক কর্মসূচি করার উদ্যোগ নিলে মূল ব্যানারেই সবাইকে একসূত্রে কর্মসূচি পালনের অনুরোধ করা হয়। এ নিয়ে কথা-কাটাকাটির জেরে রোকনুজ্জামানের লোকজন ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম মনিকে মারধর করলে বিকেল গড়াতেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সংঘর্ষ বাঁধে।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ঘোষ বলেন, কর্মসূচিকে ঘিরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুপক্ষকেই সরিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।