Published : 29 Jun 2026, 03:39 PM
বিশ্ব বরেণ্য সঙ্গীতাচার্য, সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর হাতে গড়া সঙ্গীত প্রতিষ্ঠান ‘দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন’ এর ভূমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে।
সোমবার বেলা ১১টায় ‘সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটি’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সংগীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থীসহ শহরের বিশিষ্টজনেরা এতে অংশগ্রহণ করেন।
এ সময় ‘দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটি’র আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আখন্দ, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূইয়া খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক এইচ এম শামীম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ সহকারী অধ্যাপক রাশেদউল্লাহ ভুঁইয়া, অ্যাডভোকেট নাসির।
বক্তারা বলেন, উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সঙ্গীতের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন। সেখানে তিনি সঙ্গীত চর্চার জন্য দি আলাউদ্দিন সংগীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন সহায়তায় পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি একটি মহল মিথ্যা তথ্য দিয়ে মামলা ও জাল দলিল করে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করছে; যা অত্যন্ত নিন্দনীয়।
বক্তারা এমন অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো ভাবেই ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি কাউকে দখলের সুযোগ দেওয়া হবে না। যে কোনো মূল্যে ভূমি খেকোদের রুখে দেওয়া হবে।
বক্তারা, ওস্তাদ আলাউদ্দিন খাঁর এই সম্পত্তিকে প্রত্নতত্ব সম্পদ ঘোষণা করে এটিকে রক্ষার দাবি জানান।
মানববন্ধন থেকে সঙ্গীতাঙ্গনের জমি রক্ষায় আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।