কুমার নদে ডুবে যাওয়া দুই নাতিকে বাঁচাতে গিয়ে দাদিও নিখোঁজ, ২ লাশ
ফরিদপুরে দুই ভাইকে পানিতে তলিয়ে যেতে দেখে তাদের উদ্ধার করতে নেমে দাদিও ডুবে যান বলে জানান স্থানীয়রা।
ফরিদপুরে সদর উপজেলায় কুমার নদে গোসলে নেমে পানিতে তলিয়ে যাওয়া দুই ভাইকে উদ্ধার করেতে নেমে তাদের দাদিও নিখোঁজ হন। পরে এক নাতি ও দাদির লাশ উদ্ধার করা হলেও অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসান চর গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী।
নিহত মালা বেগম (৬৮) চর গ্রামের দিরাজউদ্দিন মৃধার স্ত্রী। দুই নাতির মধ্যে একজন তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) এবং অপরজন সারফুদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)। এর মধ্যে সোয়াদ নিখোঁজ রয়েছে। তৌসিফ ও সোয়াদ ভাসান চর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বারি চৌধুরী বলেন, বেলা ৩টার দিকে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নামে সোয়াদ ও তৌসিফ। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দাদি মালা বেগমও পানিতে ডুবে যান।
বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার দিকে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। মৃতদেহ উদ্ধারের পর মালা বেগম ও তৌসিফের পরিচয় শনাক্ত করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিসার আলী বলেন, সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে দুজনের লাশ উদ্ধারের পর তাদের পরিচয় জানা যায়। এ সময় আরেক শিশু নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী জানান। তবে সন্ধ্যার কারণে অভিযানের সমাপ্তি করা হয়।
শুক্রবার সকাল পর্যন্ত যদি নিখোঁজ অপর শিশুর মৃতদের না পাওয়া যায় তাহলে আবার নদীতে অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।
