পাট ক্ষেতে পড়েছিল মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া বস্ত্রহীন নারীর লাশ
জামালপুরে লাশ যাতে কেউ চিনতে না পারে সেজন্য মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুখ মণ্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাতপরিচয় এক নারীর বস্ত্রহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় এলাকার একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি শাকের আহমেদ বলেন, সকালে শ্রমিকরা পাট ক্ষেতে কাজ করতে গিয়ে এক নারীর বস্ত্রহীন লাশ দেখতে পান। এ ছাড়া লাশের মুখমণ্ডল পোড়ানো ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, হত্যার পর লাশ যাতে কেউ চিনতে না পারে সেজন্য মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
