নারায়ণগঞ্জে বিএনপি-যুবদলের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০
কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিএনপি ও যুবদলের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
উপজেলার চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর পশ্চিমপাড়া গ্রামে শনিবার সকাল ১০টা থেকে অন্তত দেড় ঘণ্টা উভয়পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলে বলে জানান জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।
আগ্নেয়াস্ত্র, টেঁটা, বল্লম ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেঘনা নদীবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কবির হোসেনের সঙ্গে ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামের অনুসারীদের পুরোনো দ্বন্দ্ব রয়েছে। গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুজনই এলাকায় প্রভাব ধরে রাখতে নতুন লোকজনকে দলে ভেড়াতে শুরু করেন।
এ নিয়ে ‘ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন চলছে’ অভিযোগ তুলে উভয়পক্ষের অনুসারীরা আগেও একাধিকবার বাকবিতণ্ডা ও মারামারির ঘটনায় জড়িয়েছেন। সম্প্রতি গ্রামের একটি হত্যা মামলাকে কেন্দ্র করেও তাদের মধ্যকার দ্বন্দ্ব বাড়ে।
শুক্রবার বিকালেও জহিরুল ও কবিরের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়; যা শনিবার সকালে সংঘর্ষে রূপ নেয়। খালিয়ারচর পশ্চিমপাড়া গ্রামের ফকির বাড়ি জামে মসজিদের সামনে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এই সময় কয়েকটি গুলির শব্দও শুনতে পেয়েছেন বলে জানান স্থানীয়রা।
পুলিশ ও হাসপাতাল থেকে সংঘর্ষে আহত খায়ের উদ্দিন (৪২), আব্দুল মতিন (৫০), জোনায়েত মিয়া (২৫), কালু মিয়া (৩৭), খলিলুর রহমান (৪০), আল আমিন (২৫), পশিদ মিয়া, (৫০), মনির হোসেন (৩৫), মজিবুর রহমান (৫০), সালাউদ্দিন মিয়া (৩৫), বিল্লাল হোসেন (৩৫), শুভ মিয়া (২৫), জুনায়েদুর রহমান জুনায়েত (২৫), রাজীব মিয়া (১৫), আহাদ মিয়া (১৮), তামিম মিয়া (১৪), আব্দুর রহিম (৪৫), আলমগীর হোসেন (৪২), স্বপন মিয়া (৪০), আমির আলী (৬০), জমির আলী (৫০), রাফি মিয়া (২৪) জনের নাম জানা গেছে।
আহতদের মধ্যে খায়ের, মতিন, জোনায়েত, কালু, খলিলুর ও আল আমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। অন্যরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের বিষয়ে ফকির জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “হত্যা মামলার আসামিদের শেল্টার দিচ্ছেন কবিরের লোকজন। তারা মামলায় জামিন না নিয়েই এলাকায় ঘোরাফেরা করলে এলাকাবাসী ক্ষুব্দ হয়ে তাদের বাধা দেয়। এতে এলাকাবাসীর উপর হামলা করে কবিরের লোকজন। এলাকাবাসী তখন প্রতিরোধ করে।”
তবে অভিযোগ অস্বীকার করে কবির হোসেন বলেন, “বিনা উসকানিতে আমার অনুসারী লোকজনের উপর হামলা করে জহিরুলের লোকজন। হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।”
এদিকে, বিএনপি ও যুবদলের দুই নেতার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজন পুনরায় সংঘর্ষের আতঙ্কে রয়েছেন।
তবে, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”
