১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গৃহিনীর হাত-পা বাঁধা লাশ পড়ে ছিল বিছানায়

পুলিশ বলছে, লাশ উদ্ধারের সময় ঘরের আসবাবপত্র ও আলমারির মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2024, 04:13 PM

Updated : 02 Apr 2024, 04:25 PM

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামের নিজ বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান।

নিহত ৩৮ বছর বয়সী শাহনাজ বেগম শিমু ওই গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রী।

তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, মোশাররফ ও শিমু দম্পতির কোনো সন্তান নেই। শিমু একাই বাড়িতে থাকতেন। প্রতিদিনের মত সোমবার রাতেও তিনি একাই ঘরে ঘুমিয়ে পড়েন।

সকাল ৯টার পর্যন্ত শিমুর কোনো সাড়া-শব্দ না পেয়ে স্বজনরা জানালা দিয়ে তাকে ডাকাডাকি শুরু করেন। এ সময় রশি দিয়ে বাঁধা অবস্থায় উল্টোভাবে তাকে খাটের ওপর পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা।

স্থানীয়দের ধারণা, সোমবার রাতের যেকোনো সময় রান্নাঘরের টিন কেটে দুর্বৃত্তরা শিমুর ঘরে ঢোকে। পরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে; মুখে গামছা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়।

ওসি বলেন, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার দুটি দাঁত ভাঙা দেখা গেছে। হত্যার সময় ধস্তাধস্তিতে ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ঘরের আসবাবপত্র ও আলমারির মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় পাওয়া গেছে। তবে এটি চুরি বা ডাকাতির ঘটনা কী-না, তা তদন্ত করে বলা যাবে।

হত্যার কারণ তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।