২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বছরের শিশু হত্যাচেষ্টার আসামি, জামিন দিয়ে বাদীকে তলব

তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে শিশুটির নাম বাদ দেওয়া হবে বলে জানান গুরুদাসপুর থানার ওসি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 09:39 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি হত্যাচেষ্টা মামলায় সাত বছরের এক শিশুকে আসামি করা হয়েছে।  আদালতে তাকে জামিন দিয়েছে।

রোববার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম শিশুটির জামিন মঞ্জুর করেন এবং মামলার বাদীকে আদালতে তলব করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া।

আদালতে উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনা করে বিচারক দেখেন, শিশুটির বয়স সাত বছর সাত মাস দুই দিন। তবে গুরুদাসপুর থানায় করা প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) তার বয়স ২১ বছর দেখানো হয়েছে, যা নিয়ে আদালত বিস্ময় প্রকাশ করেছে।

মামলায় শিশুটির বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন বিচারক। পরে তিনি শিশুটিকে ৫০০ টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় জামিন দেন। একই সঙ্গে মামলার বাদীকে পরবর্তী তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী শামীম উদ্দীন প্রামাণিক বলেন, জন্মনিবন্ধন অনুযায়ী শিশুটির প্রকৃত বয়স সাত বছর সাত মাস দুই দিন। তার দাবি, বাদী আক্রোশবশত বয়স বেশি দেখিয়ে এজাহার করেছেন।

শিশুটির বাবা শাহজাহান আলী বলেন, ঘটনার সময় তার ছেলে স্কুলে ক্লাসে ছিল এবং সে এ বিষয়ে কিছুই জানে না। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিতভাবে বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় ৯ এপ্রিল পূর্ব বিরোধের জেরে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত হন। এ ঘটনায় ১০ এপ্রিল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় একাধিক ব্যক্তির পাশাপাশি একই এলাকার দ্বিতীয় শ্রেণির এই শিশুকেও আসামি করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, বাদী মিথ্যার আশ্রয় নিয়ে শিশুটির বয়স এজাহারে ভুলভাবে লেখার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে শিশুটির নাম বাদ দেওয়া হবে বলে জানান তিনি।

তবে, মামলার বাদী শাহানুর রহমান সাংবাদিকদের বলেন, “মামলার সময় আমরা অনুমান করে তার বয়স ২১ লিখেছিলাম। তবে তার বয়স ১৫ বছর তো হবেই। আমার ছেলেকে মারপিট করা হয়েছে। আমার আহত ছেলে যার যার নাম বলেছে, তাদেরকে আমি আসামি করেছি।”