Published : 30 May 2026, 12:27 AM
ঈদের ছুটিতে লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে সেখানে আটকা পড়েছেন দেড় শতাধিক পর্যটক।
খারাপ আবহাওয়া ও ভাটার কারণে শুক্রবার রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ফিরতে পারেননি।
আটকা পড়াদের উদ্ধারে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। জোয়ার এলেই পর্যটকদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে রামগতি থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, ঈদের সময় লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে অনেকে চর আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধে ঘুরতে আসে। এই বিনোদন কেন্দ্রটি স্থানীয়ভাবে ‘মিনি কক্সবাজার’ হিসেবেও পরিচিত। এরমধ্যে অনেকেই নৌকা নিয়ে নদীর মাঝে চরে ঘুরতে যান।
শুক্রবার বিকালে আলেকজান্ডার বেড়িবাঁধ থেকে কয়েকটি ট্রলারে করে নারী-শিশুসহ শতাধিক পর্যটক চর আব্দুল্লাহতে ঘুরতে যান। সেখানে তারা যাওয়ার পর অথবা পথে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এরমধ্যে নদীও উত্তাল হয়ে ওঠে৷ ফলে ওই চরে আটকা পড়েন পর্যটকরা। পরে ফোনে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে ঘটনাস্থল যায়।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, চরে দেড়শতাধিক মানুষ ঘুরতে গিয়ে আটকা পড়েছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখন নদীতে ভাটা, জোয়ারের অপেক্ষা করা হচ্ছে। জোয়ার এলে তাদেরকে নিয়ে আসা হবে।