Published : 09 Jul 2026, 08:25 PM
মাদারীপুরের শিবচর উপজেলার পৌরবাজার থেকে এক ক্রেতা শিং মাছ কিনে বাড়ি নিয়ে যান। মাছ কাটার সময় তিনি দেখতে পান, মাছের গায়ে কৃত্রিম রং মেশানো হয়েছে।
বিষয়টি বুঝতে পেরে তিনি উপজেলা প্রশাসনকে মোবাইলে ফোন করে অভিযোগ করেন।
ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শিবচর পৌরবাজারের মাছ বাজারে অভিযান চালান শিবচর পৌরসভার প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা।
এ সময় কৃত্রিম রং মেশানো শিং মাছ বিক্রির অভিযোগে ব্যবসায়ী আপন (২২) ও আলমগীরকে (৪৫) আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট ধারায় তাদের দোষী সাব্যস্ত করেন। আদালত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা বলেন, “বিক্রির উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ীরা শিং মাছে কৃত্রিম রং ব্যবহার করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। ভেজাল খাদ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও ক্ষতিকর উপায়ে খাদ্য বিক্রির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”