কুমিল্লায় বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য বলেন, “আমরা বারবার ঠিকাদারকে বলেছি, ট্যাংকের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য।
কুমিল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নে উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ স্বপন আহমেদ জানান।
তিন বছর বয়সি নিহত মোসাম্মৎ নূর ওই গ্রামের মোহাম্মদ রিজান উদ্দিনের মেয়ে।
ওই এলাকার বাসিন্দা শামীম আহমেদ বলেন, “সেপটিক ট্যাংকের জন্য করে রাখা গর্তটি কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ফেলে রাখা হয়। বৃষ্টির পানিতে ভরে যাওয়ায় নূরের গর্তে পড়ে ডুবে যায়। পরে দুপুর ২টার দিকে শিশুটি মরদেহ ভেসে ওঠে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রসুলপুর বিদ্যালয়টির সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ দুই মাস আগে শুরু করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা শেষ করেনি। দীর্ঘদিন ধরে অর্ধেক কাজ করে ফেলে রাখায় এ ঘটনা ঘটেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ স্বপন আহমেদ বলেন, “আমরা বারবার ঠিকাদারকে বলেছিলাম, সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য। উনি কেন এটা করলেন না, আমার বোধগম্য নয়। আমরা উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
তবে ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় সেপটিক ট্যাংক নির্মাণ কাজ করা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই আবদুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
