Published : 20 Oct 2024, 09:59 PM
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বকেয়া ছুটি ভাতা ও নাইট বিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার দুপুরে ‘আইএফএস টেক্সওয়ার প্রাইভেট লিমিটেড’ কারখানাটির শ্রমিকরা প্রথমে শহরের চাষাঢ়া চত্বরে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১টার দিকে শহরের চাষাঢ়া চত্বরে জড়ো হন শ্রমিকরা। পরে তারা সড়কে নেমে আসেন এবং অবরোধ করেন। প্রায় ঘণ্টাখানেক তারা সড়কে অবস্থান নেওয়ায় আশেপাশের চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে শ্রমিকরা সড়ক থেকে সরে গিয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এই সময় জেলা প্রশাসকের কার্যালয়ে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়। এক পর্যায়ে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

সেনাবাহিনীর এক কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে দাবি মেনে নেওয়ার বিষয়টি শ্রমিকদের জানান। তবে শ্রমিকরা এই ঘোষণা মালিকের মুখ থেকে না শোনা পর্যন্ত আন্দোলন সমাপ্ত করবেন না বলে জানান। পরে বিকাল সোয়া ৫টার দিকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত হয়ে শ্রমিকদের বিক্ষোভ শেষ করেন।
কারখানাটির শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ শ্রম আইন মানেন না। শ্রম আইন অনুযায়ী দাবি-দাওয়া নিয়ে কথা বললে হামলা-মামলার হুমকি দেওয়া হয়। তাই প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন-বোনাস পরিশোধ, মাতৃত্বকালীন ছুটি, নাইট বিল বৃদ্ধি, ঝুট সন্ত্রাসী ও পুলিশ দিয়ে শ্রমিকদের হয়রানি, গালিগালি বন্ধ করাসহ ১২টি দাবি নিয়ে সড়কে নেমেছেন তারা।
শ্রমিকদের আন্দোলনে নেতৃত্বে দেওয়া গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, “আইএফএস টেক্সওয়ার প্রাইভেট লিমিটেড’ কারখানার শ্রমিকদের নাইট বিল, অতীতের পাওনাগুলো ঠিকমতো মালিক দিতো না। তারা ১২ দফা দাবি নিয়ে আগেও জানিয়েছিল। তখন মালিকপক্ষ তাদের দাবি মেনেও নেয়। কিন্তু বাস্তবায়ন করছিল না।

“এতে শ্রমিকরা বিক্ষুব্দ হয়ে ওঠে এবং আজকে সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা আশ্বস্ত হয়। আগামী মাস থেকে মালিকপক্ষ যাতে এই দাবিগুলো ঠিকমতো বাস্তবায়ন করে, সেটি প্রশাসন নিশ্চিত করবে বলে জানালে শ্রমিকরা বাড়ি ফেরেন।”
অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি বলেন, শ্রমিকরা তাদের দাবি জানিয়েছে, মালিকপক্ষ এই দাবিগুলো মেনে নিয়ে তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছে। শ্রমিকরা এ ব্যাপারে আশ্বস্ত হলে তারা অবরোধ তুলে নেন।