যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত
‘জমি নিয়ে বিরোধের’ জেরে রফিকুলকে কোপানো দেখে স্থানীয়রা পলাশকে পিটুনি দেয় বলে জানায় পুলিশ।
‘জমি নিয়ে বিরোধে’ যশোরের চৌগাছা উপজেলার এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থলে ‘গণপিটুনিতে হামলাকারীও’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি রেজাউল করিম।
নিহত রফিকুল ইসলাম (৩৫) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। তিনি সলুয়া বাজারে মুদি ব্যবসা করতেন। গণপিটুনিতে নিহত মোহাম্মদ পলাশ একই গ্রামের হযরত আলীর ছেলে।
ওসি রেজাউল করিম বলেন, “সম্প্রতি পলাশের কাছ থেকে জমি কেনেন রফিকুল। কিন্তু বিক্রি করা ওই জমি পলাশ আবার তার মা ও বোনের নামে ‘হক সেবা’ দলিল করে দেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
“এ ঘটনা জেরে দুপুরে সলুয়া বাজারে দোকানে যাওয়ার পথে স্থানীয় কলেজের সামনে রফিকুলকে কুপিয়ে গুরুতর জখম করেন পলাশ। এ সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পলাশকে পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
তিনি বলেন, আহত রফিকুলকে বেলা ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বিকাল সাড়ে ৪টার দিকে তাকে ঢাকায় নেওয়ার পথে নড়াইলে রফিকুল মারা যান।
এদিন সন্ধ্যা ৬টার দিকে স্বজনরা রফিকুলের মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে ফিরিয়ে আনেন বলে জানান ওসি রেজাউল করিম।
যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, পলাশকে মৃত অবস্থায় হাসপাতালে আনে পুলিশ। আর রফিকুলের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
