ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা পথে বিশেষ ট্রেন চালুর দাবি
চট্টগ্রাম-ময়মনসিংহ পথে চলাচলকারী আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেসের’ যাত্রাবিরতির দাবিও করেছেন স্থানীয়রা।
সকাল ১০টা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেটি কাউন্টারের সামনে লম্বা লাইন। তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাটার জন্য একদিকে নারী, অন্যদিকে পুরুষরা দাঁড়িয়েছেন। ট্রেনটি আসবে দুপুর ১টায়। তিন ঘণ্টা আগ থেকেই টিকেটের জন্য এই লম্বা লাইন প্রতিদিনের দৃশ্য। একই অবস্থা হয় ভোরের যাত্রাতেও।
এই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে একটি বিশেষ ট্রেন চালু এবং চট্টগ্রাম-ময়মনসিংহ পথে চলাচলকারী আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেসের’ যাত্রাবিরতির দাবি করেছেন স্থানীয়রা।
শনিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন থেকে এই দাবি করা হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন, জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আশরাফ উদ্দিন আহমেদ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির।
বক্তারা বলেন, প্রতিদিন ছয় থেকে সাত হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু বিপুল পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই কম। বিশেষ করে ঢাকার পথে যেতে টিকিট সংখ্যা নগণ্য। যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ সময় বক্তারা টিকিট কালোবাজারি বন্ধ এবং অন্যান্য ট্রেনের আসনসহ টিকিট বাড়ানোর দাবি জানিয়েছেন।
