২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে চাঁদা চেয়ে চিঠি: বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

বহিষ্কারের কারণ হিসেবে তাদের বিরুদ্ধে ‘দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি’ কাজে জড়িয়ে পড়ার কথা বলা হয়েছে।

টাঙ্গাইলে চাঁদা চেয়ে চিঠি: বিএনপির ৩ নেতাকে বহিষ্কার
চাঁদা দাবির অভিযোগে টাঙ্গাইল জেলা বিএনপির তিন নেতাকে গ্রেপ্তারের পর দল থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 11:37 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

টাঙ্গাইল পৌর এলাকায় মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে ‘কিলার গ্যাং’ নামে চিঠি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার রাতে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের স্বাক্ষরে বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা বলা হয়েছে।

বহিষ্কারের কারণ হিসেবে তাদের বিরুদ্ধে ‘দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি’ কাজে জড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ওই তিনজন হলেন- টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জুবায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী এবং ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া।

‘কিলার গ্যাং’ নামে এক চিঠিতে টাঙ্গাইলের এক মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির এ তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপর দুজন হলেন- আব্দুল্লাহ আল মামুন এবং সাব্বির মিয়া।

পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন চিঠি ধরিয়ে দেয়। শুক্রবার সকালে সেই চিঠি আজাহারুলকে দেন তার কর্মচারী। চিঠিতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়ে।

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

সেখানে লেখা হয়, “চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সঙ্গে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব। মনে রাখবি, প্রশাসন তোর সঙ্গে সবসময় থাকবে না। আর বাঁচতে পারবি না।

“তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে। দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। দাবি করা পাঁচ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই অগাস্টের ৩ তারিখ রোববার সন্ধ্যা ৭টায় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাবি।”

এ ঘটনায় শুক্রবার রাতভর পৌর এলাকার সন্তোষে অভিযানে বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

আরও পড়ুন-

টাঙ্গাইলে চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫