টাঙ্গাইলে চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
এক মাছ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে দেওয়া চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
টাঙ্গাইল পৌর এলাকায় এক মাছ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ নামে চিঠি দেওয়ার ঘটনায় বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ।
শুক্রবার রাতভর পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন এবং সাব্বির মিয়া।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি ধরিয়ে দেয়। শুক্রবার সকালে সেই চিঠি আজাহারুলকে দেন ওই কর্মচারী। চিঠিতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। চিঠিতে বলে হয়েছে, “চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব। মনে রাখবি, প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাঁচতে পারবি না।
“তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে। দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। দাবি করা পাঁচ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই অগাস্টের ৩ তারিখ, রোববার সন্ধ্যা ৭টায় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাবি।”
নিজ দলের নেতাকর্মীদের আটকের বিষয়ে টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম বলেন, গ্রেপ্তারদের নামে এর আগে কোনো অভিযোগ নেই। ওরা নিঃসন্দেহে ভালো মানুষ। ওদেরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
চাঁদার চিঠির বিষয়ে তিনি বলেন, কেউ তাদেরকে ফাঁসানোর জন্য ওই চিঠি দিতে পারেন।
শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ বলেন, “আমি অসুস্থ। এইমাত্র ফোন খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারলাম। পুরো ঘটনা জানার পর বিস্তারিত জানা যাবে। তবে বিএনপির নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে ধারণা করছি।”
ওসি তানভীর আহমেদ বলেন, “গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপি কর্মী হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়নি। আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।”
