২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আবার বসছে সীমান্ত হাট

২৯ জুলাই থেকে হাট বসবে বলে জানিয়েছে দুই দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি।

চার বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আবার বসছে সীমান্ত হাট
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত হাট এলাকা পরিদর্শন করেন দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটির নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 06:15 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

চার বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার বসছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত হাট।

২৯ জুলাই থেকে হাট বসবে বলে জানিয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি। 

মঙ্গলবার দুপুরে হাট ব্যবস্থাপনা কমিটির নেতারা সীমান্ত হাট পরিদর্শন করেছেন।

এ সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এবং ভারতের পক্ষে ছিলেন ত্রিপুরার সীপাহিজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার।

সীমান্ত এলাকার বাসিন্দাদের সুবিধার্থে ২০১৫ সালে উপজেলার তারাপুর সীমান্ত এবং ভারতের কমলাসাগর সীমান্তে হাটটি চালু করা হয়। আর ২০২০ সালে কোভিড মহামারি সংক্রমণ রোধে সীমান্ত হাটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।

সীমান্ত হাট পরিদর্শন শেষে বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেসমিন সুলতানা সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে হাট বসার জন্য সম্ভাব্য তারিখ ২৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। 

তবে ভারতের তরফ থেকে হাটে নতুন বাংলাদেশি পণ্য হিসেবে তাজা মাছ চাওয়া হয়েছে বলে জানান তিনি।