Published : 10 Jul 2026, 09:23 PM
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার বাবা পলাতক রয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে বলে বিয়ানীবাজার থানার ওসি মাহফুজুল করিম জানিয়েছেন।
নিহত রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, রায়কা আক্তার রিয়া তিন-চার মাস ধরে তার নানাবাড়ি ছিল। আবু বক্কর শুক্রবার সেখানে যান।
দুপুরের দিকে নানাবাড়ির পুকুরে গোসল করতে যায় রায়কা আক্তার রিয়া। এতে আপত্তি জানান বাবা আবু বক্কর। এক পর্যায়ে ধারালো দা দিয়ে মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় রিয়া।
ওসি মাহফুজুল করিম বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন কাউকে আটক করা হয়নি। আবু বক্কর আত্মগোপনে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”