পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার
তার বিরুদ্ধে আশ্রমের সেবায়েতকে হত্যা এবং বিএনপি নেতার হাত কাটার মামলা রয়েছে।
পাবনা সদর উপজেলা থেকে দেশে তৈরি একটি দুই নলা ও এক নলা বন্দুক, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পৌর এলাকার দিলালপুর মহল্লার বজলুল হক সড়কে নাজমুন্নাহারের ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদুল ইসলাম।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম ওরফে ‘কিলার জাহিদ’ (৪৮) সদরের কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের প্রয়াত বাচ্চু সরদারের ছেলে।
তিনি হেমায়েতপুরের ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা এবং বিএনপি নেতা ও হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মোন্তাজ আলীর হাত কাটা মামলার আসামি।
শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গোপন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল নাজমুন্নাহারের ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া হাসি খাতুনের ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে ফ্ল্যাটের গেস্টরুম থেকে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় একটি দুই নলা ওয়ান শুটার গান, একটি এক নলা ওয়ান শুটার গান, গুলি, একটি তলোয়ার, একটি চাইনিজ কুড়াল, একটি রিভলভারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুটি লোহার স্প্রিং, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন ও একটি হ্যাকসো ব্লেড জব্দ করা হয়।
ডিবির ওসি রাশেদুল ইসলাম বলেন, সকালে জাহিদুলের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
