১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ইজিবাইকের গোপন বক্সে মিলল ৪৮০ বোতল ফেনসিডিল

এ ঘটনায় ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 03:51 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

নেত্রকোণার দুর্গাপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় বিশেষভাবে তৈরি করা গোপন বক্স থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় চালককে আটক করা হয়। 

বুধবার সকালে উপজেলার শিমুলতুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

আটক হৃদয় মিয়া (২২) দুর্গাপুর পৌর এলাকার মারকাজ এলাকার আবুল মিয়ার ছেলে।

ওসি খন্দকার শাকের বলেন, একটি চেকপোস্টে দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে সকাল সোয়া ৮টার দিকে শিমুলতুলি এলাকায় একটি ইজিবাইকের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। 

এ সময় পুলিশ ইজিবাইকটিকে থামার সংকেত দিলে চালক দ্রুত গতি বাড়িয়ে পাশের একটি গলিতে ঢুকে পড়েন। তখন পুলিশ ধাওয়া করে চালককে ধরে ইজিবাইকে তল্লাশি চালায়। 

ইজিবাইকে বিশেষভাবে তৈরি করা একটি বক্স পাওয়া যায়; যেখানে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল ছিল। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা।

ওসি খন্দকার শাকের বলেন, “সম্ভবত হৃদয় ফেনসিডিলগুলো সেকেন্ড পার্টির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। তবে এ ঘটনার সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় আটকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।