নওগাঁ সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে।
শুক্রবার ভোরে ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের পিলার ২৭১/১-এস এবং সাপাহার উপজেলার বামনপাড়া বিওপির মেইন পিলার ২৪৬/২-এস এর কাছ দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
ধামইরহাটে আটক ব্যক্তিরা হলেন- খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের বাদশা মিয়া (২০), ইমরান গাজী (৩৪), নাজমুল হাসান (২৪), নড়াইলের কালিয়া উপজেলার মোছা. নুপুর খানম (২২), মোছা. মনিরা খাতুন (১৮), মোছা. রাবেয়া শেখ (২৮), প্রিয়া শিকদার (২৬), মোছা. ববিতা শিকদার (৩৫), যশোরের কোতোয়ালি থানার মোছা. দুলি বেগম (৪০)। এ ছাড়া বাকি পাঁচজন শিশু।
সাপাহারে আটক ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার উথলী গ্রামের ইমদাদুলের স্ত্রী মোছা. হেনা খাতুন (৩৮), একই উপজেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী রূপালী (৩৫) এবং দুজন শিশু।
বিজিবির বরাতে পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতের মুম্বাই শহরে যান। সেখানে তারা রাজমিস্ত্রি ও গৃহকর্মীর কাজ করতেন। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাদের আটক করে।
ধামইরহাট থানার ওসি মো. ইমাম জাফর বলেন, ১৪ জনকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
একই তথ্য জানান সাপাহার থানার ওসি মো. আব্দুল আজিজ।
