২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ২ মাস পর সাভারে ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার

মিলন (১৫) নেত্রকোণার বারহাট্টা উপজেলার পারুলিয়া নোয়াপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 09:59 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

ঢাকার সাভারে নিখোঁজের দুই মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকালে বিরুলিয়া ইউনিয়নের আমিন মোহাম্মদ টাউনের সাইপাড়া ঝাউবন থেকে কঙ্কালটি উদ্ধার করা হয় বলে সাভার মডেল থানার এসআই ওহাব মিয়া জানান। 

নিহত মিলন হোসেন (১৫) নেত্রকোণার বারহাট্টা উপজেলার পারুলিয়া নোয়াপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। 

সে পরিবারের সঙ্গে আশুলিয়ার পাড়াগাঁও এলাকার ইউনুছ আলীর বাড়িতে ভাড়া থাকত। ২৯ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ায় নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে মিলন ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হয়।

এ ঘটনায় গ্রেপ্তার যুবকের নাম মো. সুমন (২৫)। 

মিলনের মা জোসনা বেগম বলেন, তিনি মানুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। মিলনকে তিনি ধারদেনা করে ইজিবাইক কিনে দেন। ২৯ সেপ্টেম্বর দুপুরে এলাকার বখাটে সুমন ছেলেকে ফোন দেয়। তারপর ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। 

বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ৩০ সেপ্টেম্বর আশুলিয়া থানায় একটি ডায়েরি করেন। এরপর পুলিশ সুমনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তখন সুমনের কথাবার্তায় সন্দেহ হলে ১৮ নভেম্বর একটি মামলা হয়। 

জোসনা বেগম বলেন, গায়ের জামা ও প্যান্ট দেখে তিনি ছেলের কঙ্কাল শনাক্ত করেছেন।

সাভার মডেল থানার এসআই ওহাব মিয়া বলেন, কঙ্কালটি ফরেনসিক তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে।