সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ‘৫০ নেতার’ পদত্যাগ
এদিকে, নবনির্বাচিত আহ্বায়কের নেতৃত্বে কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণার পর বিভক্তি দেখা দিয়েছে। ২০৪ জনের কমিটির মধ্যে ৫০ জন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
কমিটি দেওয়ার দুদিনের মাথায় রোববার দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।
এদিকে, নবনির্বাচিত আহ্বায়কের নেতৃত্বে কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল হয়েছে।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নতুন কমিটিতে যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এ ধরনের ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা তাদের নীতি ও মূল্যবোধের পরিপন্থি বলেই তারা সরে দাঁড়িয়েছেন।
তাদের দাবি, ঘোষিত অবৈধ কমিটি বাতিল করে পুনরায় আলোচনা সাপেক্ষে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় পদত্যাগের সংখ্যা আরো বাড়বে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, আধাম আদৃত, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, জ্যেষ্ঠ সহমুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা, যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলাম।
এদিকে, ঘোষিত কমিটির আহ্বায়ক মোন্তাসির মেহেদী হাসান বলেন, “ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি নয় মাস অতিক্রম করেছে। যে কারণে কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি দিয়েছে। শহরে আমরা বিশাল আনন্দ মিছিল করেছি।
“নবগঠিত কমিটির নেতাদের বিরুদ্ধে সংবাদ সন্মেলনে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ৫০ জন পদত্যাগ করার কথা বলা হলেও ওই সংবাদ সন্মেলনে মাত্র ১৮ জন উপস্থিত ছিলেন।”
