২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের দ্বিতীয় দিন: নারায়ণগঞ্জে ভাঙচুর-সড়কে আগুন

স্বাভাবিক সময়ের তুলনায় সড়ক-মহাসড়কে যান চলাচল ছিল কম৷

অবরোধের দ্বিতীয় দিন: নারায়ণগঞ্জে ভাঙচুর-সড়কে আগুন

বান্টিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি কুরিয়ার সার্ভিসের গাড়িসহ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় অবরোধ সমর্থনকারীরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 12:03 PM

Updated : 01 Nov 2023, 12:03 PM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে যানবাহনে ভাঙচুর, সড়ক-মহাসড়কে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা৷

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, “বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে যানবাহনে ভাঙচুর ও টায়ার পুড়িয়ে সড়কে প্রতিবন্ধকতার চেষ্টা হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই সেসব স্থানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে৷”

বুধবার বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুর করা হলেও কোথাও কোনো যানবাহনে আগুন দেওয়া বা বড় ধরণের সংঘর্ষের খবর পাওয়া যায়নি৷ তবে স্বাভাবিক সময়ের তুলনায় সড়ক-মহাসড়কে যান চলাচল ছিল কম৷

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, তারাব, পাঁচরুখীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, ব়্যাবের অবস্থান রয়েছে৷ সড়ক-মহাসড়কে টহল দিতে দেখা গেছে বিজিবি সদস্যদের৷

এর আগে সকালে আড়াইহাজারের বান্টিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি কুরিয়ার সার্ভিসের গাড়িসহ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়৷ 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে টায়ার ও কাঠ পুড়িয়ে অবরোধের চেষ্টা করেন বিএনপির কর্মীরা৷ পরে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়৷

অবরোধের প্রথমদিন বান্টিবাজারের অদূরে পাঁচরুখী এলাকায় বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছিল৷  বুধবার ভোর থেকে এ এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে৷

বুধবার সকাল ৭টার দিকে সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে মিছিল নিয়ে সড়কে ভাঙচুর চালিয়েছে অবরোধ সমর্থকরা৷

অবরোধের সমর্থনে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন বিএনপির কর্মীরা৷

সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকায় অবরোধ সমর্থনে মিছিল করে মহানগর যুবদলের নেতা-কর্মীরা৷ 

এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ভূঁইগড় ও জালকুড়ি এলাকাতেও মিছিল করে অবরোধ সমর্থকরা৷

এদিকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ১৮ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১২ জনকে গ্রেপ্তারের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা৷ 

তিনি বলেন, ”পুলিশ সর্বত্র সতর্ক অবস্থানে আছে৷ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এ সতর্ক অবস্থান নিয়েছি৷”