২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রলীগের কর্মীকে পুলিশে দিল বৈষম্যবিরোধীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব বলেন, “কোটা সংস্কার আন্দোলনের প্রথমদিকে বায়েজিদ সক্রিয় ছিল।”

শাবিতে ছাত্রলীগের কর্মীকে পুলিশে দিল বৈষম্যবিরোধীরা
আটক ছাত্রলীগকর্মী নুর মোহাম্মদ বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 07:29 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এ কর্মীকে পুলিশে সোপর্দ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ছাত্রলীগকর্মী নুর মোহাম্মদ বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুমন মিয়ার কর্মী হিসেবে পরিচিত। 

তাকে আটকের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হাফিজুর রহমান বলেন, “কোটা সংস্কার আন্দোলনের প্রথমদিকে বায়েজিদ সক্রিয় ছিল। কিন্তু আন্দোলন যখন ক্যাম্পাস থেকে রাজপথে নেমে আসতে শুরু করে, তখন সে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকারে এ আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন হিসেবে আখ্যা দেয়।”

“শুধু তাই নয়, গণমাধ্যমে দেওয়া তার এ সাক্ষাৎকারকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে আন্দোলনকে বিতর্কিত করে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ১৪ জুলাই রাতে আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা চালায়।”

তিনি বলেন, “জুলাই আন্দোলনে বিরোধিতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছি। তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ নেওয়ার আহ্বান জানাই।”

আটকের বিষয়ে জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, “খবর পাওয়া মাত্রই আমাদের টিম হাজির হয়ে বায়েজিদ নামে আন্দোলনের বিরোধিতাকারী একজনকে আটক করে থানায় নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, “আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরবর্তীতে আমরা সেখানে সহকারী প্রক্টরদের পাঠাই। প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোপর্দের সময় সেখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি।”