১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কাশিমপুর কারাগারে মারামারি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

পুলিশ জানায়, নিহত কয়েদি কলমাকান্দা থানায় একটি হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত ছিলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 11:59 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটির কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মারামারিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে কারাগারটির মানসিক ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে কারা কর্তৃপক্ষের বরাতে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. শাহ আলম জানান।

নিহত মো. হান্নান মিয়া (৪১) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের প্রয়াত আবুল হাসেম ফকিরের ছেলে।

কোনাবাড়ী থানার ওসি শাহ আলম বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মানসিক ওয়ার্ডে বন্দি ছিলেন হান্নান মিয়া। তিনি কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি। তার কয়েদি নম্বর ৪০৫০/এ। 

ওসি জানান, বুধবার সকালে হান্নান মিয়া ওই ওয়ার্ডের এক বন্দির সঙ্গে মারামারিতে জড়ান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। 

পরে কারারক্ষীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

সেখান থেকে বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হান্নান মিয়াকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালটির পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

তিনি বলেন, মাথায় আঘাতজনিত কারণে কয়েদি হান্নানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।