বিজেপির সঙ্গে সংঘর্ষের পর ভোলায় বিএনপির কমিটি স্থগিত
নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে এ সংঘর্ষ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর বিএনপির ভোলা সদর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার দুপুরে ঘটনার পর মধ্যরাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ রোববার বলেন, তারা এ ধরনের চিঠি পেয়েছেন।
পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, শনিবার দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজার এলাকায় বিএনপি ও বিজেপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ, সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
আহতদের অধিকাংশই ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় আটজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভোলা শহরের বিএনপি ও বিজেপির একাধিক নেতার সঙ্গে কথা হলে তারা বলেন, ভোলা-১ (সদর) আসনে বিএনপির পক্ষে মনোনয়ন প্রত্যাশা করছেন দলের জেলা কমিটির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। আবার বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থও মনোনয়ন প্রত্যাশী। এ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব আছে। সে থেকেও এ সংঘর্ষ হতে পারে।
আরও পড়ুন:
