‘ডেভিল হান্ট’: খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭
তিন দিনে এ জেলায় ১৮ জনকে গ্রেপ্তার কথা জানিয়েছেন পুলিশ সুপার।
অপারেশন ‘ডেভিল হান্ট’ চালিয়ে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে পানছড়ি উপজেলা থেকে তিনজন, দীঘিনালায় দুইজন, মাটিরাঙায় একজন এবং মহালছড়ি উপজেলা থেকে একজন রয়েছেন। এ নিয়ে তিন দিনে ১৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল।
পানছড়ির থানার ওসি জসিম উদ্দিন বলেন, এ উপজেলায় চালানো অভিযানে উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন, উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম এবং পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বেলাল হোসেনকে আটক করা হয়েছে।
পরে তাদেরকে ৫ অগাস্ট পরবর্তী সময়ের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, এ উপজেলায় চালানো অভিযানে মেরুং ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুমন গাজী এবং ছাত্রলীগ কর্মী আসিফকে গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, মাটিরাঙার বরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহম্মদকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
