যশোরে চাচাকে হত্যার ১১ বছর পর ভাতিজার মৃত্যুদণ্ড
অভিযোগ প্রমাণিত না হওয়ায় দণ্ডিতের মাকে খালাস দেওয়া হয়েছে।
যশোরের শার্শা উপজেলার চাচাকে হত্যার ১১ বছর পর ভাতিজার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার যশোরের তৃতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন বলে আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অহিদুল ইসলাম শার্শার পশ্চিমকোটা গ্রামের দক্ষিণ পাড়ার জয়নাল ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অহিদুল ইসলামের মা সাহিদা বেগমকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, নিজের নামে জমি লিখে দিতে অহিদুল তার বাবা জয়নাল ফকিরকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন। একই কারণে ২০১৩ সালের ১৯ মে সকালে অহিদুল ইসলাম তার বাবাকে স্থানীয় খালপাড়ের তিন রাস্তার মোড়ে মারধর করেন। বিকালে বিষয়টির মীমাংসার জন্য জয়নাল ফকির তার ভাই আজগর আলীসহ প্রতিবেশী বেশ কয়েকজনকে বাড়িতে ডেকে নিয়ে আসেন।
সেখানে আলোচনার এক পর্যায়ে অহিদুল ইসলামের মা সাহিদা বেগম উত্তেজিত হয়ে সবাইকে গালিগালাজ করতে থাকেন।
এরই মধ্যে অহিদুল ইসলাম ঘরের বারান্দা থেকে শাবল এনে তার চাচা আজগর আলীর মাথায় আঘাত করেন।
এতে গুরুতর আহত আজগর আলীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা।
চিকিৎসাধীন অবস্থায় ওইদিন গভীর রাতে আজগর আলী সেখানে মারা যান।
এ ঘটনায় অহিদুল ইসলাম ও তার মা সাহিদা বেগমকে আসামি করে শার্শা থানায় মামলা করেন নিহত আজগর আলীর স্ত্রী ছকিনা খাতুন।
