১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা, কিশোর আটক

“নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

গাজীপুরে নগরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শিমুলতলী চত্বর এলাকায় এটিআই গেটের পাশে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. রবিউল হাসান জানান।

নিহত ২৬ বছর বয়সী মফিজুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ থানার শাহাডুবি এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় জানাতে চায়নি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী বলছে, শিমুলতলী এলাকায় বাসা ভাড়া থেকে দিনমজুরের কাজ করতো মফিজুল ইসলাম। বাইরে থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

উপকমিশনার রবিউল হাসান বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

“তবে কি কারণে তাকে খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।”

এ ঘটনায় শিমুলতলীর এটিআই এলাকা থেকে শুক্রবার দুপুরে এক কিশোরকে আটক করা হয়েছ। তবে এখনও কেউ মামলা করেনি বলে তিনি জানান।