Published : 19 Jul 2026, 06:06 PM
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাত পরিচয় দুই নারীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

রোববার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানিয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-মনোয়ারা বেগম (৫০)।
স্থানীয়দের বরাতে ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “দেওয়ানগঞ্জ থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি জামালপুর শহরে যাচ্ছিল। পথে বিপরীত দিকে একটি স্যালো ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আহত হন পাঁচজন যাত্রী। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই নারী যাত্রীর মৃত্যু হয়।”
এ দুর্ঘটনায় আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫) ও শফিকুল ইসলাম (৪০) ও এনজিও কর্মী ফাতেমা আক্তার নার্গিস (৫২)।
জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জ্বল কুমার সরকার বলেন, “ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “অজ্ঞাত নারীর পরিচয় সনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”