২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ: মেডিকেল বোর্ড গঠন, পুলিশের জিডি

ঘটনার চার দিন পেরিয়ে গেলেও থানায় বা আদালতে মামলা করেনি কেউ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 11:08 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

নোয়াখালীর হাতিয়ায় ‘ভোটের বিরোধের জেরে’ এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের চাহিদাপত্রের আলোকে তিন সদস্যের এ বোর্ড গঠন করেছে বলে তথ্য দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।

এদিকে এ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এ নিয়ে থানায় বা আদালতে মামলা করেনি কেউ। এ পরিস্থিতিতে স্বঃপ্রণোদিত হয়ে পুলিশ সংশ্লিষ্ট থানায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করেছে। 

মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট শিরীন সুলতানাকে। অপর দুই সদস্য হলেন মেডিকেল অফিসার ফাতেমা যোয়ান ও সহকারী রেজিস্টার তাহমিনা আক্তার।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন বলেন, নিয়ম অনুযায়ী মেডিকেল বোর্ড বেলা ১২টার দিকে ওই নারীর শারীরিক পরীক্ষা করে এবং প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। ওই নারী যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিনও নমুনা সংগ্রহ করা হয়েছিল। 

এ সমস্ত নমুনা আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট হাতে পাওয়ার পর সবকিছু যোগ করে অল্প সময়ের মধ্যে মেডিকেল বোর্ডের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি। 

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, সোমবার পর্যন্ত এ নিয়ে থানায় বা আদালতে মামলা করেনি কেউ। তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে উঠে আসায় স্বপ্রণোদিত হয়ে পুলিশ সংশ্লিষ্ট থানায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করে রেখেছে। 

ওই ডায়রিমূলে জেনারেল হাসপাতালে ভর্তি নারীর ডাক্তারি পরীক্ষা করে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (হাসপাতাল) বলা হয়েছে।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, কেউ লিখিত অভিযোগ দায়ের না দিলেও তারা ঘটনাস্থল পরিদর্শনসহ অন্যান্য আইনগত পদক্ষেপ নিয়েছেন। লিখিত অভিযোগ পলে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা।

নোয়াখালীর হাতিয়ায় ‘ভোটের বিরোধের জেরে’ শুক্রবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করার কথা জানিয়েছিল পুলিশ।

পুলিশ কর্মকর্তা আবু তৈয়ব বলেন, ওই ঘটনায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ তারা পাননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আসায় তাৎক্ষণিক তদন্ত শুরু করেছেন।

অভিযোগকারী নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তার অভিযোগ, ‘শাপলা কলিতে ভোট দেওয়ায়’ ধর্ষণ করা হয়েছে তাকে। 

তিনি বলছেন, ভোটের পর শুক্রবার রাত ১১টার দিকে তিন ব্যক্তি তাদের ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। একজন তাকে ‘ধর্ষণ’ করে এবং বাকি দুজন পাহারা দেয়।

অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই বিএনপিকর্মীর দাবি, হাতিয়ার চানন্দি ইউনিয়নে যে সময় ধর্ষণের কথা বলা হচ্ছে, তখন তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার দাবি, ‘শাপলা কলির পক্ষে কাজ করতে রাজি না হওয়ায়’ তাকে পিটিয়ে জখম করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে দুই দফা মারামারির তথ্য পাওয়া গেলেও ধর্ষণের বিষয়ে স্থানীয়দের কেউ কিছু বলতে পারেননি। হাসপাতালে ওই নারীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রেও দুই রকম তথ্য রয়েছে।

আগের সংবাদ 

হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ: যা জানা যাচ্ছে