গাইবান্ধায় ‘অপবাদ দিয়ে গৃহবধূর মাথার চুল কর্তন’, গ্রেপ্তার ৩
মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাবেক স্বামীকে নিয়ে ঘরে অবস্থান করার মিথ্যা অপবাদে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় করা মামলায় সোমবার বিকালে এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে রোববার গভীর রাতে উপজেলার রাখালবুরুজ পচাঁরিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার রাখালবুরুজ পচাঁরিয়া দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলী (৪৮), একই গ্রামের আব্দুর ছাত্তার (৫৫) ও আলিম উদ্দিনের স্ত্রী চামেলি বেগম (৪০)।
নির্যাতিত ৩৫ বছরের ওই নারী একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, ওই নারী দ্বিতীয় স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। অসুস্থতার কারণে ৩ সপ্তাহ ধরে তারা গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
মামলার নথি থেকে আরও জানা যায়, পারিবারিক কারণে প্রতিপক্ষ তাকে বাড়ি থেকে তাড়ানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে কৌশলে ওই নারীর প্রথম স্বামী মোনারুল ইসলাম তার শোবার ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকেন। এক পর্যায়ে ওই নারী ঘরে প্রবেশ করলে মোনারুল তার শাড়ি ধরে টানা-হেঁচড়া করে বিবস্ত্র করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালান।
এসময় প্রতিপক্ষের লোকজন এগিয়ে এলে মোনারুল পালানোর চেষ্টা করেন। কিন্তু ওই নারী তাকে জাপটে ধরে রাখেন।
তবে প্রতিপক্ষের লোকজন ওই নারীর কাছ থেকে মোনারুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে সাবেক স্বামীকে ঘরে ঢোকানোর অপবাদ দিয়ে ওই নারীকে বাড়ির সামনের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে মারপিট করে। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই নারী সাতজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
