২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘মাকে হত্যার পর’ রাতভর লাশ নিয়ে ঘরবন্দি ছেলে

এ ঘটনায় ওই নারীর পালক-পুত্রকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 09:30 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর শহরে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় ওই নারীর পালক-পুত্রকে আটক করেছে পুলিশ।    

শনিবার দুপুরে শহরের মণিহার এলাকার ফলপট্টি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে যশোর কোতোয়ালি থানার এসআই আব্দুল বাতেন জানান। 

নিহত খালেদা খানম রুমিন সিদ্দিকী ওই এলাকার মৃত শেখ শাহজাহানের স্ত্রী। এই দম্পতির কোনো সন্তান নেই। তিন মাস বয়সে শেখ শামসকে (২২) তারা দত্তক নিয়েছিলেন। 

তাদের দোতলা ভবনটির নাম ‘শামস মার্কেট’। ভবনের নিচতলায় ফলমূলের দোকান এবং উপরের তলায় তারা থাকতেন। 

পরিবারের স্বজনরা দাবি করেছেন, নবম শ্রেণি পর্যন্ত শামস পড়াশোনা করেছেন। তারপর আর পড়াশোনা হয়নি। তিনি মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য মাকে প্রায়শই মারধর করতেন।   

এসআই আব্দুল বাতেন বলেন, সকালে নিচতলার দোকানিরা পানি না পেয়ে দুপুরে গিয়ে মালিককে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পরে তারা জরুরি সেবার ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। 

পুলিশ আসার পর শামস ভেতর থেকে জানান, তার মা বাসায় নেই। সে দরজাও খুলতে চায়নি। পুলিশ তখন তাকে দরজা খুলতে বাধ্য করে। ঘরে ঢুকে লাশ পাওয়া যায়।  

আটক শামসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআই দাবি করেছেন, রাত ১টার দিকে খালেদা খানমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।