চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আম ও ফসলের আংশিক ক্ষতি
জেলায় ২৪ ঘণ্টায় গড়ে ৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সাড়ে পাঁচ হাজার হেক্টর বাগানের আম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
এ সময় দেড়শ হেক্টর সবজি এবং দেড় হাজার হেক্টর জমির বোরো ধানেরও ক্ষতি হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইয়াছিন আলী।
বুধবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার পাঁচটি উপজেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় গড়ে ৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সদর উপজেলায় ১৫ মিলিমিটার, শিবগঞ্জে ১৩ মিলিমিটার, গোমস্তাপুরে ছয় মিলিমিটার, নাচোলে আট মিলিমিটার এবং ভোলাহাটে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এ সময় ভোলাহাট উপজেলা বাদে চার উপজেলার কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টিও হয়েছে ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এ বছর ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এর মধ্যে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে পাঁচ হাজার ৪৫১ হেক্টর। সবজি চাষ হয়েছে ১ হাজার ২৯০ হেক্টর; এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০ হেক্টর। বোরো আবাদ হয়েছে ৪৭ হাজার ৭৬৫ হেক্টর; এর মধ্যে ১ হাজার ৫৩৬ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সদর উপজেলার নয়াগোলা এলাকার বাগান মালিক আব্দুল মতিন বলেন, “শিলাবৃষ্টিতে কিছু আম ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমের গায়ে শিলার আঘাত লেগেছে, সেগুলো কয়েক দিনের মধ্যে ঝরে পড়বে। তবে ছত্রাকনাশক ব্যবহার করে পরিচর্যা করছি- যেটুকু টিকবে, তাতেই পুষিয়ে যাবে।”
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার আমচাষি দোয়েল বলেন, “গাছে মুকুল ভালো এলেও গুটি কম এসেছে। শিলাবৃষ্টিতে সেটাও টিকবে কিনা সন্দেহ। বাগানের পরিচর্যায় ধার করে খরচ করেছি। আম না হলে ঋণে পড়তে হবে।”
নাচোল উপজেলার বরেন্দ্রা গ্রামের টুনু পাহান বলেন, “শিলাবৃষ্টিতে ধানের কিছু ক্ষতি হবে, তবে সবজির ক্ষতি বেশি হয়েছে।”
ভোলাহাট উপজেলার আমচাষি আমিনুল ইসলাম বলেন, “খরাতে বাগানে সেচ দিতে হচ্ছিল; এখন বৃষ্টি হওয়াতে আমের উপকার হল। আমের বোঁটা শক্ত হবে এবং ওজন বাড়বে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইয়াছিন আলী বলেন, “শিলাবৃষ্টির পরে কৃষকদের বাগানে ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঠেকাতে প্রয়োজন অনুযায়ী কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।”
