২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টেকনাফে ‘অস্ত্রের মুখে’ ৬ শিশু-কিশোরকে তুলে নেওয়ার অভিযোগ, পালিয়ে এল ২ জন

“তারা ছয় শিশুকে জিম্মি করে গভীর পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে দুই শিশু সুযোগে খুঁজে পালিয়ে আসে।”

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 01:23 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারীরা ছয় শিশু ও কিশোরকে তুলে নিয়ে গেছে বলে স্থানীয় এক ইউপি সদস্য জানিয়েছেন।  

তাদের মধ্যে দুইজন ‘কৌশলে পালিয়ে’ এলেও চার জন এখনও নিখোঁজ রয়েছে।

বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় খেলাধুলা করার সময় তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ জানিয়েছেন।

অপহৃত শিশুরা হলো- অছিউর রহমানের ছেলে মো. মামুন (১৭), আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (১৪), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৫) ও মো. হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৩)।

পালিয়ে আসা শিশুরা হল- মো. আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) ও আয়ুব আলীর ছেলে মো. শাহীন (১৩)।

ইউপি সদস্য হাফেজ আহমদ বলেন, “রোববার সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন শিশু খেলছিল। এ সময় হঠাৎ পাহাড় থেকে নেমে আসা একদল ‘অস্ত্রধারী দুর্বৃত্ত’ তাদের দিকে এগিয়ে আসে।

“তারা ছয় শিশুকে জিম্মি করে গভীর পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে দুই শিশু সুযোগে খুঁজে পালিয়ে আসে।”

তিনি বলেন, খবর পাওয়ার পরই পুলিশকে অবহিত করা হয়েছে এবং অপহৃত শিশুদের সন্ধানে স্থানীয়রা পাহাড়ে অনুসন্ধান চালাচ্ছে। তবে কেন শিশুদের অপহরণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ না দিলেও পুলিশ তথ্য সংগ্রহ ও শিশুদের উদ্ধারে কাজ করছে।