২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ডোবায় ফুটবল তুলতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছে আরও এক কিশোর।

টঙ্গীতে ডোবায় ফুটবল তুলতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 08:31 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

গাজীপুরের টঙ্গীতে ডোবা থেকে ফুটবল তুলতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছে আরও এক কিশোর।

শনিবার টঙ্গীর এরশাদনগর গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম।

মৃতরা হলো- ওই এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) এবং একই এলাকার তোফায়েল আহমেদের ছেলে ওসমান গনী (১১)। তবে আহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একসঙ্গে কয়েকজন শিশু ও কিশোর ফুটবল খেলছিল। এক পর্যায়ে তাদের ফুটবলটি ডোবায় পড়ে যায়। পরে রায়হান ও ওসমান ফুটবলটি তুলতে ডোবায় নামে। হঠাৎ তারা পানিতে তলিয়ে গেলে অপর এক কিশোর তাদেরকে উদ্ধার করতে নামে।

এক পর্যায়ে ওই কিশোরও পানিতে তলিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই দুইজন মারা যায়। 

ওসি ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।