গাইবান্ধায় পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
পুলিশ জানায়, তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া (চৌধুরীপাড়া) গ্রামে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া (চৌধুরীপাড়া) গ্রামে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে রোববার বিকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত এসমেতারা খাতুন ওরফে নুরমা (১৬) ওই গ্রামের কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, সকালে নুরমাকে বাড়িতে রেখে বাবা-মা দুজনই পাশের ধানের জমিতে কাজ করতে যান। দুপুরে বাড়ি ফিরে তারা আর মেয়েকে দেখতে পাননি। এরপর তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়।
এক পর্যায়ে বাড়ির পাশে প্রতিবেশীর বাঁশঝাড়ে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে তার লাশের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, তার মেয়েকে গলাকেটে হত্যা করা হয়েছে। তিনি এর বিচার চান।
ওসি মোজাম্মেল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পুলিশ মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
