২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জামায়াতের মঞ্চে আবু সাঈদের বাবা-ভাই, চাইলেন বিচার

রংপুর জিলা স্কুল মাঠে দলটির বিভাগীয় জনসভায় শুভেচ্ছা বক্তব্য দেন আবু সাঈদের ভাই রমজান আলী।

রংপুরে জামায়াতের মঞ্চে আবু সাঈদের বাবা-ভাই, চাইলেন বিচার
রংপুরে জামায়াতে ইসলামীর জনসভায় বক্তব্য দেন জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 07:16 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

রংপুরে জামায়াতে ইসলামীর জনসভায় যোগ দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও বড় ভাই রমজান আলী।

শুক্রবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে দলটির বিভাগীয় জনসভায় যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন আবু সাঈদের ভাই রমজান আলী।

ভাই হত্যার বিচার চেয়ে তিনি বলেন, “আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমরা কখন আবু সাঈদ হত্যার বিচার পাব?

“এক বছর পেরিয়ে গেলেও শুধু আনুষ্ঠানিক ঘোষণা পেয়েছি। চারজন কারাগারে এবং ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শুধু পরোয়ানা জারি করলে হবে না। দেশ ও দেশের বাইরে যেসব খুনি আছে, তাদের দেশে এনে ‘জুলাই গণ-অভ্যুত্থান মঞ্চ’ সাজিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিচার করতে হবে।”

রমজান আলী বলেন, “গণ-অভ্যুত্থানে হাজারো মানুষ স্বৈরাচার সরকারের পতনের জন্য জীবন দিয়েছেন। সবার চাওয়া হত্যার বিচার ও আহতদের খোঁজখবর নেওয়া। কারণ একমাত্র শহীদ ভাইদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি।”

চব্বিশে ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচারের দাবি, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও রাজনৈতিক সংস্কার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ চার দফা দাবিতে জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও জেলা শাখা।

বেলা ৩টায় এই জনসভা শুরু হয়। এর আগে জুমার নামাজ ওই মাঠে অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমাগমে ভরে গেছে রংপুর জিলা স্কুল মাঠ। 

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া সদ্য কারামুক্ত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলামসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।