২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গোপনে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2024, 09:41 AM

Updated : 26 Aug 2026, 09:35 AM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার দুপুরে র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মো. আবু বক্কর সিদ্দিককে রোববার গভীররাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন তারা।

৮০ বছর বয়সী আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে কুমিল্লায় পালিয়ে ছিলেন। তার বাড়ি ওই উত্তর কদমতলা গ্রামে; তার বাবা মৃত মান্দার সরদার।

লেফট্যানেন্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, “আবু বক্কর দীর্ঘদিন ধরে কুমিল্লায় সদর দক্ষিণ থানার উত্তর রামপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। গোপন খবরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।”

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।