Published : 20 Sep 2025, 04:09 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা প্রায় এক কোটি ২০ লাখ টাকা ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার দুপুরে উপজেলার মীরগাং এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন।
শনিবার সকালে তিনি বলেন, একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে আসবে, এমন খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল ভারতীয় ওষুধ পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর।
জব্দ করা ওষুধের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর।