২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিরোধিতার মধ্যেই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার বাইরে গিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 05:17 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির একাংশের বিরোধিতার মধ্যেও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে ১৪৪ ধারার বাইরে গিয়ে উপজেলার রাধানগর মাদ্রাসা মাঠে এ সম্মেলন হয়। 

এর আগে পৌর এলাকার এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একইস্থানে বিএনপির অন্য একটি অংশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার ঘোষণা দেয়। 

ফলে উপজেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করলে পূর্ব নির্ধারিত সম্মেলনটি রাধানগরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া এতে অতিথি ছিলেন। 

উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মেহেদী হাসান পলাশ। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দ্বিবার্ষিক সম্মেলনে মেহেদী হাসান পলাশকে সভাপতি, মুসাকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের ‍উপজেলা কমিটি এবং মোহাম্মদ সাঈদকে সভাপতি এবং সালেহ মুসাকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি গঠন করা হয়েছে।  

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আবদুল খালেক এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন “এটি প্রহসনের কমিটি।” 

এর আগে, বুধবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা সদরের এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন ডাকে উপজেলা বিএনপির একাংশ। 

তবে সম্মেলনে আওয়ামী লীগের লোকজনদের ভোটার করা হয়েছেন- অভিযোগ তুলে এর বিরোধিতা করে বিএনপির অন্য একটি অংশ। 

এ নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

এছাড়া একই সময় ও স্থানে আলোচনা সভা ডাকে আব্দুল খালেকের সমর্থকরা। 

সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সম্মেলনস্থল এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যা জারি থাকবে।

এ অবস্থার মধ্যেই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

যদিও সম্মেলনের বিরোধিতা করে আবদুল খালেকের সমর্থকরা বেলা পৌনে ১১টায় উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। 

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিক্ষুব্ধরা একটি মাইক্রো বাসও ভাঙচুর করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে।