নারায়ণগঞ্জে ‘মাদক সেবন নিয়ে’ আগের দিন তর্ক, পরদিন কুপিয়ে হত্যা
স্থানীয় কয়েক যুবককে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে তাকে কুপিয়ে জখম করা হয় বলে দাবি স্বজনদের।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। যিনি আগের দিন এলাকায় মাদক সেবন নিয়ে কয়েকজনের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন বলে দাবি স্বজনদের। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মদনগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
নিহত ৪২ বছর বয়সী মো. জুয়েল হোসেন উপজেলার শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।
জুয়েলের ভাই সোহেল হোসেন বলেন, সোমবার বিকালে স্থানীয় কয়েক যুবককে মাদক সেবনে বাধা দেওয়ায় জুয়েলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে ওই যুবকরাই ধারাল অস্ত্র নিয়ে জুয়েলকে কুপিয়ে জখম করে।
গুরুতর অবস্থায় জুয়েলকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শরীরে বেশ কয়েকটি ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়ার কথাও বলেছেন ওসি আশরাফ উদ্দিন।
পুলিশ জানায়, শীতলক্ষ্যা নদীতে বালু উত্তোলনের ইজারা পাওয়া এক ব্যক্তির কর্মী হিসেবে কাজ করতেন জুয়েল। ড্রেজার ব্যবসার জন্য নদীর পাড়ে একটি অস্থায়ী টিনের ঘর কার্যালয় হিসেবে ব্যবহার করতেন তারা। ওই অফিসের পাশেই জুয়েলকে কোপানো হয়।
ওসি আশরাফ উদ্দিন বলেন, “আগের দিন বিকালে মাদকসেবী স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তর্ক হয় জুয়েল ও তার এক বন্ধুর। পরে সন্ধ্যায় ওই যুবকরা জুয়েলের এলাকায় গিয়ে তাকে খুঁজেও আসেন। তখন না পেলেও পরদিন নদীপাড়ে তাকে পেয়ে কুপিয়ে হত্যা করা হয়।”
“প্রাথমিক তদন্তে হামলায় জড়িত সীমান্ত ও সৈকতসহ স্থানীয় কয়েকজন যুবকের নাম এসেছে। তারা এলাকায় মাদকসেবন করে থাকেন। এর মধ্যে আকাশ ও আশিককে আটক করেছে পুলিশ। বাকিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে কাজ চলছে”, বলেন তিনি।
তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
