পদ্মায় গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ২ শিক্ষার্থীর মৃত্যু
বন্ধুদের সঙ্গে নদীতে গোসলের এক পর্যায়ে তারা স্রোতে তলিয়ে যান বলে জানায় ফায়ার সার্ভিস।
পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শওকত হোসেনের ছেলে রেজায়ে রাব্বি তামিম (২১) এবং নোয়াখালীর সুধারাম থানার উত্তর শফিপুর গ্রামের মোজাম্মেল হক শামমের ছেলে আব্দুল্লাহ আল মারুফ (২০)। তারা ওই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, তামিম ও মারুফ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউটের এপি ছাত্রাবাসে থাকতেন। দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে তারা ধলার মোড় পালডাঙ্গি গ্রামে পদ্মা নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সি অ্যান্ড বি ঘাট রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।
দুজনের মৃতদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম।
