২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে গাজীপুরে আরও ২ মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শ্রীপুরে রহমত মিয়া ও জাকির হোসেন রানা নিহতের ঘটনায় এসব মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 06:33 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরের শ্রীপুরে দুজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে।  

৫ অগাস্ট শ্রীপুরে নিহত রহমত মিয়ার বাবা মঞ্জু মিয়া এবং জাকির হোসেন রানার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে বুধবার রাতে মামলা দুটি করেন বলে শ্রীপুর থানার ওসি সোহেল রানা জানান। 

তিনি বলেন, মামলায় ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১১০০ জনকে আসামি করা হয়েছে। 

এ নিয়ে গাজীপুর মহানগর পুলিশের বাসন ও গাছা এবং শ্রীপুর থানায় শেখ হাসিনার বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জামিল হাসান দুর্জয়, সাবেক শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, হুমায়ুন কবির হিমু, সিরাজুল ইসলাম।

মামলার অভিযোগে বাদী জামাল উদ্দিন উল্লেখ করেন, ৫ অগাস্ট একাধিক বাসে করে ময়মনসিংহের বিভিন্ন ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন। বাসগুলো শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর (পল্লী বিদ্যুৎ ও বাংলাদেশ এনার্জি সেন্টার) সামনে পৌঁছালে ছাত্র-জনতার আন্দোলনের মুখোমুখি হয়। 

বিজিবি সদস্যদের দিয়ে ঢাকার ছাত্র-জনতার আন্দোলন হটানো হবে, তাদের আটকে রাখা হয়েছে বলে খবর প্রকাশ হলে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতারা ঘটনাস্থলে পৌঁছান। 

এ সময় বিজিবি সদস্যদের অস্ত্র, গুলি ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগ নেতারা এবং কিছু অতি উৎসাহী বিজিবি সদস্য আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এ সময় শ্রীপুরের কপাটিয়াপাড়া গ্রামের জাকির হোসেন রানার (৩৫) বুকের মাঝামাঝি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপর মামলায় বাদী মঞ্জু মিয়া অভিযোগ করেন, একই ঘটনায় গুলিতে আন্দোলনে থাকা রহমত মিয়া ডান হাতের নিচে বুকের পাঁজরে গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।