সিলেট-তামাবিল সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীর মৃত্যু
অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মায়ারুন মারা যান।
সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের পর এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার হরিপুর বাজারের কুলাই মোড় এলাকার সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান।
নিহত মায়ারুন নেছা (৪০) গোয়াইনঘাট উপজেলার লীমা কুটাপাড়া গ্রামের শহীদ আহম্মদের স্ত্রী।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “জৈন্তাপুরের কুলাই মোড় এলাকায় একটি ট্রাক মাটি নিয়ে রাস্তায় ওঠার সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মায়ারুন মারা যান। পরে দুর্ঘটনায় আহত অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’’
দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “ট্রাক চালককে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।”
