পিরোজপুরে কর্মচারীকে হত্যার ১৯ বছর পর ৪ জনের যাবজ্জীবন
২০০৬ সালের ২৬ অক্টোবর একজনের আমন্ত্রণে নেছারাবাদে বেড়াতে গিয়ে ওই কর্মচারীকে খুন হন বলে জানান এপিপি।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১৯ বছর আগে সরকারি এক কর্মচারীকে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তার আলম দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ওয়ালিদ হাসান বাবু।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের রফিকুল ইসলাম, একই গ্রামের মো. জাহিদ আকন, মো. জব্বার হাওলাদার এবং মো. খোকন মোল্লা। রায় ঘোষণার সময় জব্বার হাওলাদার ও খোকন মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাতে এপিপি ওয়ালিদ হাসান বলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা হারুন অর রশিদ (৩৫) বরিশাল জেলা হিসাব রক্ষণ অফিসে অফিস সহায়ক (এমএলএসএস) পদে চাকরি করতেন। সেই সময় রিকশাচালক রফিকুল ইসলামের সঙ্গে হারুনের পরিচয় হয়।
২০০৬ সালের ২৬ অক্টোবর রফিকুলের আমন্ত্রণে নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামে বেড়াতে যান হারুন। তার সঙ্গে কমবেশি টাকা থাকত এটা সবাই জানতেন।
তিনি বলেন, “ঘটনার রাতে রফিকুলের নেতৃত্বে আসামিরা হারুনকে হত্যা করে তার কাছে থাকা ছয় হাজার টাকা ছিনিয়ে নেন। পরে হারুনের লাশ ওই গ্রামের খালের পাশে ফেলে চলে যান তারা।”
ঘটনার পরদিন ২৭ অক্টোবর সারেংকাঠী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের আসামি করে হত্যা মামলা করেন বলে জানান এপিপি।
ওয়ালিদ হাসান বলেন, দীর্ঘ তদন্তের পর ওই চারজনকে আসামিকে করে আদালতে অভিযোগপত্র প্রদান করে পুলিশ।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
