বরিশালে খ্রিষ্টান পল্লীতে হামলা-অগ্নিসংযোগ, খামারের ছাগল লুট
ওসি বলেন, “জমি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে।”
বরিশালের উজিরপুর উপজেলায় খ্রিষ্টান পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের পর খামারের ছাগল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম মঙ্গলবার বলেন, সোমবার গভীর রাতে উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের জহরলাল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
জহরলাল বিশ্বাসের মেয়ে অধরা বিশ্বাস বলেন, “গভীর রাতে ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলা করে। এ সময় ডাক-চিৎকার দিলে তারা বাড়ির পিছনে ছাগলের খামারে অগ্নিসংযোগ করে। পরে খামারে থাকা ১৮টি ছাগল লুট করে নেয়।
“যাওয়ার সময় তারা বাগানের শতাধিক পেঁপে গাছ কেটে ফেলে দেয়। পালিয়ে যাওয়ার সময় তারা একটি মোবাইল সেটও ফেলে গেছে।”
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান অধরা বিশ্বাস।
ওসি বলেন, “অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে। তবু বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে যা পাওয়া যাবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
