কুষ্টিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ ভেসে উঠল সেচ খালে
“শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের একদিন পর জিকে সেচ খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রাম সংলগ্ন সেচ খালের পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে বলে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানিয়েছেন।
মৃত চার বছর বয়সী আলী হোসেন কাদেরপুর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী রহমত আলী কহনের ছেলে।
আলীর পরিবার বলছে, মঙ্গলবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
বুধবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার পথে জিকে সেচ খালের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেয়। পরে সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ওসি শহিদুল বলছেন, “শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে খালের পানিতে পড়ে ডুবে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।”
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
